Sunday, November 14, 2010

কোম্পানির অডিট আপত্তি হলে পুনঃঅডিট

এসইসির নতুন নীতিমালা অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোন কোম্পানির অডিট আপত্তি হলে তা পুনরায় নিরীক্ষা বা অডিট করার খসড়া নীতিমালা অনুমোদন দিয়েছে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এর ফলে তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে স্বচ্ছতা বৃদ্ধি পাবে বলে মনে করছে কমিশন। রোববার কমিশনের এক সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।

সভাশেষে এসইসির মুখপাত্র আনোয়ারুল কবীর ভূঁইয়া সাংবাদিকদের জানান, তালিকাভুক্ত কোন কোম্পানির আর্থিক প্রতিবেদনের সঙ্গে কমিশন দ্বিমত পোষণ করলে এসইসি তাদের নিজস্ব অডিটর দিয়ে পুনরায় ওই আর্থিক প্রতিবেদন নিরীক্ষা করতে পারবে। গতকাল এসইসির নিয়মিত বৈঠকে এ সংক্রান্ত একটি খসড়া নীতিমালা অনুমোদন করা হয়েছে। খুব শিগগিরই খসড়া নীতিমালাটি জনমত যাচাইয়ের জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেয়া হবে। জনমত যাচাইয়ের পর প্রজ্ঞাপণ জারির মাধ্যমে এটি আইনে রূপান্তর করা হবে। এর ফলে কোম্পানির আর্থিক প্রতিবেদনে অসংগতি হ্রাসের পাশাপাশি কোম্পানির করপোরেট গভর্নেন্স নিশ্চিত করা যাবে।

এর আগে গত ৪ আগস্ট পুঁজিবাজারে তালিকাভুক্ত কোন কোম্পানির আর্থিক প্রতিবেদনের সঙ্গে কমিশন দ্বিমত পোষণ করলে সংশ্লিষ্ট কোম্পানির আর্থিক প্রতিবেদন পুনরায় অডিট করার সিদ্ধান্ত নেয় এসইসি। সেদিনের বৈঠকে পুনরায় আর্থিক প্রতিবেদন অডিট করার খরচ সংশ্লিষ্ট কোম্পানিকেই বহন করতে হবে বলে এসইসি জানিয়েছে; কিন্তু পুনরায় আর্থিক প্রতিবেদন অডিট করা হলেও সংশ্লিষ্ট কোম্পানিগুলো এর খরচ বহনে অস্বীকৃতি জানানোর কারণে এসইসির এ প্রক্রিয়া থমকে যায়। 

তবে বৈঠকে অনুমোদিত খসড়া নীতিমালায় কোম্পানির সন্দেহজনক আর্থিক প্রতিবেদন পুনরায় অডিটের খরচ এসইসি বহন করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে

No comments:

Post a Comment