স্টাফ রিপোর্টার: জুন মাসের শুরুতেই দেশের পুঁজিবাজারে ঘটে গেছে বড় একটি দূর্ঘটনা। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য প্রতিষ্ঠান ক্রেস্ট সিকিউরিটিজ লিমিটেডের মালিকরা সব অফিস বন্ধ করে দিয়ে আত্মগোপন করেছেন। এতে ব্রোকারহাউজের ২১ হাজার গ্রাহকের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রতিষ্ঠানটির মালিকরা গোপনে তাদের শেয়ার বিক্রি করে দিয়েছে কি-না, তাদের টাকা আছে কি-না, ওই শেয়ার ও টাকা ফেরত পাবেন কি-না তা নিয়ে তাদের মনে সন্দেহের জাল দানা বেধেছে।
শুধু ক্রেস্ট সিকিউরিটিজের গ্রাহক নয়, ওই ঘটনায় অন্যান্য ব্রোকারহাউজের গ্রাহকদের মনেও দেখা দিয়েছে কিছুটা দ্বিধা ও সন্দেহ। অথচ চাইলে একজন বিনিয়োকারী নিজেই অনিশ্চয়তার অবসান ঘটাতে পারেন। সব সময় আপডেট থাকতে পারেন তার বিও অ্যাকাউন্টে থাকা শেয়ারের অবস্থা সম্পর্কে।
প্রশ্ন দেখা দিতে পারে সেটা কিভাবে সম্ভব? সোজা জবাব হলো- আপনি নিজেই নিরাপদ রাখতে পারেন আপনার বিও অ্যাকাউন্ট। আর সেটি কোনো অর্থ বা টাকা ব্যয় না করে-ই।
যেভভাবে নিরাপদ রাখবেন আপনার অ্যাকাউন্ট:-
শুরুতেই আপনার বিও অ্যাকাউন্ট আপডেট করে সেখানে আপনার বর্তমানে ব্যবহৃত সচল (Valid) মোবাইল নাম্বারটি দিতে হবে। তাহলেই আপনার অ্যাকাউন্টের সব ডেবিট-ক্রেডিটের তথ্য তথা অ্যাকাউন্টে কোনো শেয়ার এলে বা অ্যাকাউন্ট থেকে শেয়ার বিক্রি করলে বা সরিয়ে নিলে আপনার মোবাইলে সিডিবিএল থেকে এসএমএস চলে আসবে। আর এই এসএমএসে আপনি থাকতে পারবেন সম্পূর্ণ আপডেট। কোনো অসঙ্গতি দেখা দিলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট ব্রোকারহাউজে যোগাযোগ করতে পারবেন। সেখানে সদুত্তর পাওয়া না গেলে ডিএসই ও বিএসইসিকে অবহিত করতে পারবেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য।
এ বিষয়ে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ও ভ্যালু অ্যাডেড সার্ভিসেসের প্রধান রকিবুল ইসলাম চৌধুরী বলেন, বিনিয়োগকারী ও বাজারের বৃহত্তর স্বার্থে সিডিবিএল বিনামূল্যে এসএমএস সার্ভিস দিচ্ছে। এই সার্ভিসের জন্য সিডিবিএলকে যথেষ্ট অর্থ ব্যয় করতে হচ্ছে। তবু আমরা চাই, আমাদের বিনিয়োগকারীদের বিনিয়োগ নিরাপদ থাকুক। প্রয়োজনীয় তথ্যের অভাবে অ্যাকাউন্ট তথা বিনিয়োগ অরক্ষিত থেকে যাচ্ছে।
তিনি বলেন, পুঁজিবাজারের বিনিয়োগকারীদের মধ্যে অনেকেই ব্রোকারেজ হাউজগুলোকে অন্ধের মতো বিশ্বাস করেন। কিন্তু এটা বিনিয়োগ সুরক্ষার সঠিক উপায় নয়। একজন গ্রাহক চাইলেই সবসময় তার বিনিয়োগ সম্পর্কিত সর্বশেষ তথ্যটিও জানতে পারে। কোনো দুর্ঘটনা ঘটার সাথে সাথেই মোবাইলে এসএমএস পেতে পারেন বিনিয়োগকারী। কিন্তু এমন গ্রাহকের সংখ্যা একেবারেই নগণ্য। এই সেবাগুলো পেতে অনলাইন রেজিষ্ট্রেশন করতে হবে সেন্ট্রাল ডিপোজিটারি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)-এ।
রকিবুল ইসলাম চৌধুরী জানান, সিডিবিএল এর এই সেবাগুলো গ্রাহকদের কাছে পৌঁছাতে অনেক দিন থেকেই প্রচারণা চালাচ্ছে আমাদের ভ্যালু অ্যাডেড সার্ভিস বিভাগ। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য অধিকাংশ বিনিয়োগকারীই অনাগ্রহী। ২০০৯ সাল থেকে অনলাইন ব্যালান্স ইনকোয়ারি সেবা দিয়ে যাচ্ছে সিডিবিএল। কিন্তু এখন পর্যন্ত এর গ্রাহক সংখ্যা মাত্র ২ হাজার জন। গত কয়েক মাস ধরে গ্রাহকদের মধ্যে অনলাইনে ব্যালান্স ইনকোয়ারি সেবা নিতে রেজিস্ট্রেশন করার আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। অন্যান্য সময়ে প্রতিদিন ১০ থেকে ১৫ জন নতুন রেজিস্ট্রেশন করলেও সম্প্রতি ঘটে যাওয়া দুর্ঘটনার পর মাত্র ২ দিনে ১০০টি নতুন রেজিস্ট্রেশন হয়েছে। পুঁজিবাজারে বিনিয়োগ সুরক্ষিত রাখতে নিজের তথ্য সবসময় আপডেট থাকার কোনো বিকল্প নেই। তাই সিডিবিএল এর সেবাগুলো নিয়ে বিনিয়োগ সুরক্ষিত রাখার পরামর্শ এই কর্মকর্তার।
সিডিবিএলের বিনা মূল্যের (Free) এসএমএস সার্ভিসের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য:-
বিও হিসাব খোলার সময় সঠিক তথ্য দিন:
পুঁজিবাজারে বিনিয়োগের আগে যে কোনো ডিপোজিটরি অংশগ্রহণকারীর সাথে হিসাব খুলতে হবে। আপনি যদি ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারী হন তবে যে কোনো ডিপোজিটরি অংশগ্রহণকারীর সাথে আপনি নিজ নামে একটি এবং যৌথ নামে আরেকটি হিসাব খুলতে পারবেন। বর্তমানে ৩৫২টি নিবন্ধিত Full service ডিপোজিটরি অংশগ্রহণকারী এবং ৯৭টি নিবন্ধিত Custodian ডিপোজিটরি অংশগ্রহণকারী আছে যার তালিকা আপনি সিডিবিএল এর ওয়েবসাইটে পাবেন।
হিসাব খোলার সময় সকল তথ্য সঠিক হওয়া প্রয়োজন। তা না হলে পরবর্তীতে আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন। বিশেষতঃ আপনার মোবাইল নম্বর সঠিক হওয়া খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনার হিসাবের সকল ডেবিট এবং ক্রেডিট এন্ট্রির তথ্য আপনি বিনা খরচে মোবাইলে এসএমএস এর মাধ্যমে পাবেন। তাছাড়া নিম্নলিখিত কার্যক্রমের ক্ষেত্রে আপনার মোবাইল নম্বরে এসএমএস এলার্ট বিনা খরচে স্বয়ংক্রিয়ভাবে আপনি পাবেন। যেমন:
ক) বিও হিসাব খোলা;
খ) বিও হিসাবে লিংক একাউন্ট খোলা;
গ) বিনিয়োগকারীর নাম পরিবর্তন;
ঘ) বিনিয়োগকারীর ব্যাংক হিসাব পরিবর্তন;
ঙ) বিনিয়োগকারীর ব্যাংকের নাম পরিবর্তন;
চ) বিও হিসাবে যে মোবাইল নম্বর দেয়া হয়েছে তার পরিবর্তন হলে (পুরাতন এবং নূতন দুই মোবাইল নম্বরেই এসএমএস (SMS) এলার্ট যাবে); এবং
ছ) বিও হিসাব বন্ধ হলে।
যদি বিও হিসাবে আপনার সঠিক মোবাইল নম্বর না থাকে তবে এর কিছুই আপনি জানতে পারবেন না। অতএব বিনিয়োগকারীদের বিও হিসাবের নিরাপত্তার স্বার্থে সঠিক মোবাইল নম্বর অন্তর্ভূক্ত করা খুবই জরুরি।
বিও হিসাবের তথ্য আপডেট করুন:
যদি আগে বিও হিসাব খুলে থাকেন এবং সেটিতে মোবাইল নাম্বার না দিয়ে থাকেন অথবা আপনার মোবাইল নাম্বার যদি পরিবর্তন হয়ে থাকে, তাহলে দ্রুত আপনার ব্রোকারহাউজে যোগাযোগ করে বিও অ্যাকাউন্টে বর্তমান মোবাইল নাম্বারটি অন্তর্ভূক্ত করুন।
এছাড়া অনলাইনে সিডিবিএল থেকে নিয়মিত বিও হিসাবের স্টেটমেন্ট নেয়ারও সুযোগ আছে। তবে এটি মূল্য সংযোজনমূলক সার্ভিস (Value Added Service)। এই সেবাটির জন্য একটি ফি দিতে হয়।
অনলাইনে আপনার বিও হিসাবের সিকিউরিটিজ ব্যালেন্স ইনকোয়ারি:
সিডিবিএল এর ওয়েবসাইটে গিয়ে https://www.cdbl.com.bd/ বাৎসরিক ২০০/- (দুইশত) টাকা ফি দিয়ে আপনি নিবন্ধন করতে পারেন। নিবন্ধন ও বাৎসরিক ফি আপনি অনলাইনের (সিডিবিএল এর ওয়েব সাইট ব্যবহার করে) মাধ্যমে প্রদান করতে পারবেন। এইরূপ নিবন্ধন করলে সিডিবিএল আপনাকে ই-মেইলে আপনার হিসাবে প্রবেশের লগ ইন ডিটেইল পাঠাবে, যার মাধ্যমে আপনি বিশ্বের যে কোনো জায়গায় অবস্থানকালে সিডিবিএল এর ওয়েবসাইট থেকে আপনার বিও হিসাবের বর্তমান স্থিতি এবং গত একমাসের লেনদেনের তথ্য পাবেন। এই সেবা গ্রহণের জন্য আপনাকে সিডিবিএল এর কার্যালয়ে ব্যক্তিগতভাবে যেতে হবে না।


No comments:
Post a Comment