পুঁজিবাজারের দরপতন ঠেকাতে শেয়ার ক্রয়ে মার্জিন ঋণের হার বাড়িয়েছে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এখন থেকে শেয়ার ক্রয়ের ক্ষেত্রে পূর্বের ১:০.৫ এর পরিবর্তে ১:১ হারে মার্জিন ঋণ প্রদান করতে পারবে ঋণ বিতরণকারী প্রতিষ্ঠানগুলো। সোমবার এসইসির বাজার পর্যালোচনা কমিটিতে পুঁজিবাজারের বর্তমান অবস্থা বিবেচনায় শেয়ার ক্রয়ে মার্জিন ঋণ বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জানিয়েছেন এসইসির নির্বাহি পরিচালক সাইফুর রহমান। সোমবার থেকেই এসইসির এ সিদ্ধান্ত কার্যকর হবে।
এর আগে গত ২১ নভেম্বর শেয়ারের অতি মূল্যায়ন এবং পুঁজিবাজারের ধারাবাহিক ঊর্ধ্বমূখী প্রবণতার রাশ টেনে ধরতে মার্জিন ঋণের হার কমিয়ে পূর্বের ১:১ এর পরিবর্তে ১:০.৫ হারে মার্জিন ঋণ প্রদান করতে নির্দেশ দেয় এসইসি।
গত সপ্তাহ থেকে পুঁজিবাজারে বড় ধরনের দরপতনের ফলে অধিকাংশ শেয়ারের দর হারায়। বিশেষ করে এসইসি সদস্য মনসুর আলম ক্ষমতার অপব্যবহার করে গত ৬ ও ৭ ডিসেম্বর চেক নগদায়ন এবং নেটিং সুবিধা সংক্রান্ত দু’টি নির্দেশনা জারি করার পর থেকেই পুঁজিবাজারে ব্যাপক ধস নামে। যদিও ৮ ডিসেম্বর উক্ত দুটি নির্দেশনার কার্যকারিতা স্থগিত করা হয়। কিন্তু তারপরও পুঁজিবাজারের দরপতন ঠেকানো যায়নি। অব্যাহত দরপতনের মুখে এবং বিনিয়োগকারীদের কথা চিন্তা করে সোমবার মার্জিন ঋণ বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করে।
No comments:
Post a Comment