Tuesday, February 4, 2014

বিএসইসি'র এক গুচ্ছু খবর

দুই কোম্পানির আইপিও অনুমোদন
অর্থনৈতিক রিপোর্টার: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) দুই কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন করেছে। কোম্পানি দুটি হলোÑ দি পেনিনসুলা চট্টগ্রাম লিমিটেড এবং ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। গতকাল কমিশনের ৫০৭তম সভায় এ অনুমোদন দেয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, দি পেনিনসুলা শেয়ারবাজারে সাড়ে ৫ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ১৬৫ কোটি টাকা সংগ্রহ করবে। এ জন্য প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ২০ টাকা প্রিমিয়াম ধরা হয়েছে। আইপির মাধ্যমে সংগৃহীত টাকা দিয়ে হোটেল সম্প্রসারণ এবং চট্টগ্রাম এয়ারপোর্টের কাছে আরেকটি নতুন হোটেল নির্মাণসহ ব্যাংকঋণ পরিশোধে ব্যয় করা হবে। ৩০ জুন ২০১৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৪৯ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৩২.৭৩ টাকা। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে লঙ্কাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড। 

অন্যদিকে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেন বুকবিল্ডিং পদ্ধতিতে ৩ কোটি ৩০ লাখ শেয়ার ছাড়ার অনুমোদন পেয়েছে। ৬ ক্যাটাগরির ২৮টি ইলিজিবল প্রাতিষ্ঠানিক বিনিযোগকারী কর্তৃক ৫০ টাকা প্রিমিয়ামসহ নির্দেশন মূল্য নির্ধারণ করা হয়েছে ৬০ টাকা। ৩১ ডিসেম্বর ২০১২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১০.২১ টাকা। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে লঙ্কাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড এবং রেজিস্ট্রার হলো আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। বুকবিল্ডি পদ্ধতিতে সংগৃহীত অর্থ দিয়ে দীর্ঘমেয়াদি ঋণ পরিশোধ, চলতি মূলধন সংস্থান এবং আইপিও খরচ নির্বাহে ব্যয় করা হবে। 

লকইন শেয়ার বিক্রির নিয়ম শিথিল করেছে বিএসইসি
প্লেসমেন্ট শেয়ার বিক্রির বিষয়ে শিথিলতা এনেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির ৫০৭তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। 
তথ্যমতে, প্লেসমেন্ট শেয়ারহোল্ডারদের লকইনের সময় অতিক্রান্ত হওয়ার পর ঘোষণার মাধ্যমে শেয়ার বিক্রির ক্ষেত্রে ৩০ দিনের যে বাধ্যবাধকতা ছিল তা প্রত্যাহার করা হয়েছে। কিন্তু স্পন্সর শেয়ারহোল্ডার, পরিচালক ও ৫ শতাংশের অধিক শেয়ারহোল্ডারদের ক্ষেত্রে বর্ণিত নোটিফিকেশন অনুযায়ী আগের নিয়ম বলবৎ থাকবে। এছাড়া ইতিমধ্যে সাধারণ প্লেসমেন্ট শেয়ারহোল্ডারা, যারা কমিশনের অনুমতি সত্ত্বেও নির্দিষ্ট ৩০ দিনের মধ্যে শেয়ার বিক্রি করতে ব্যর্থ হয়েছে, তাদের ক্ষেত্রেও ৩০ দিন সময়ের মধ্যে বিক্রির আর কোন বাধ্যবাধকতা থাকলো না। এ বিষয়ে একটি নোটিফিকেশন অতি শিগগিরই জারি করা হবে।

এএফসি এগ্রোর লিস্টিং অনুমোদন
এএফসি এগ্রো বায়োটেক লিমিটেডের তালিকাভুক্তি অনুমোদন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। সোমবার ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় এ অনুমোদন দেয়া হয়। ডিএসই সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেয়ার লক্ষ্যে ১১ জানুয়ারি প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) লটারি করে এএফসি এগ্রো বায়োটেক লিমিটেড। 

সংগৃহীত তহবিল ব্যবহার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ বিএসইসির
শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে সংগৃহীত অর্থ ব্যবহারের তথ্য প্রতি প্রান্তিকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) জমা দেয়ার নির্দেশ দিয়েছে কমিশন। বিএসইসির ৫০৭তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। তথ্য মতে, কোম্পানির আইপিও, আরপিও এবং রাইট ইস্যুর তহবিল ব্যবহার সংক্রান্ত প্রতিবেদন ফরেন অ্যাফিলিয়েটেড নিরীক্ষক দ্বারা নিরীক্ষাপূর্বক পরিচালনাপর্ষদের প্রত্যয়নসহ ত্রৈমাসিক ভিত্তিতে কমিশনে জমা দিতে হবে। 

জেনারেশন নেক্সটের রাইট অনুমোদন
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের রাইট শেয়ার অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির ৫০৭ তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়। জানা যায়, কোম্পানিটি শেয়ারবাজারে ২আর:৩ অনুপাতে (৩টি সাধারণ শেয়ারের বিপরীতে ২টি রাইট শেয়ার) ১১ কোটি ২৪ লাখ ৭৮ হাজার ৪০০টি শেয়ার ছেড়ে ১১২ কোটি ৪৭ লাখ ৮৪ হাজার টাকা উত্তোলন করবে। এ জন্য প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। 

No comments:

Post a Comment