Monday, January 6, 2014

এ সপ্তাহে পোশাক খাতে প্রণোদনা ঘোষণা হতে পারে

অর্থনৈতিক রিপোর্টার: বস্ত্র খাতে বিশেষ প্রণোদনা প্রদানের বিষয়ে সরকারের পক্ষ থেকে চলতি সপ্তাহের মধ্যেই ঘোষণা আসবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। গতকাল বস্ত্র খাতে বিশেষ প্রণোদনা প্রদানের বিষয়ে আলোচনা করতে সচিবালয়ে বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাৎ করেন। বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম এবং বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান এ সময় উপস্থিত ছিলেন। এর আগে গত ৩১শে ডিসেম্বর অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বিজিএমইএ নেতারা। বৈঠকের শুরুতে অর্থমন্ত্রী বলেন, ব্যবয়ারীদের দাবিগুলো নিয়ে আমরা শুধু আলোচনা করবো। কোন সিদ্ধান্ত নেয়া হবে না। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। 
বৈঠক শেষে বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলামের কাছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, যেহেতু কোন সিদ্ধান্ত নেয়া হয়নি, তাই কিছু বলারও নেই। 
একই বিষয়ে জানতে চাইলে বিকেএমইএ’র সহসভাপতি মোহাম্মদ হাতেম তাদের দাবির বিষয়ে সাংবাদিকদের বলেন, অর্থমন্ত্রীর কাছে আমরা ৫টি দাবি জানিয়েছি। এগুলো হচ্ছে- আপদকালীন সময়ের জন্য এফওবি মূল্যের ওপর ৩ শতাংশ হারে প্রণোদনা প্রদান; স্বল্প সুদে কারখানা শ্রমিকদের ৪ মাসের বেতনের সমপরিমাণ ব্যাংক ঋণ যা ২ বছরে পরিশোধ করা হবে; উৎস কর দশমিক ৮০ শতাংশ থেকে দশমিক ২৫ শতাংশে নামিয়ে আনা এবং টিটি’র (টেলিফোনিক/টেলিগ্রাফিক ট্রান্সফার) বিপরীতে নগদ সহায়তা প্রদান। তিনি বলেন, এর মধ্যে টিটি’র বিপরীতে নগদ সহায়তা প্রদানের বিষয়ে অর্থমন্ত্রণালয় থেকে গত বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অন্য দাবির প্রসঙ্গে তিনি বলেন, অর্থমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে দু-এক দিনের মধ্যেই তিনি এ বিষয়ে ঘোষণা দেবেন। উল্লেখ্য, চলমান রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে ক্ষতি পুষিয়ে নিতে গত ১১ ডিসেম্বর অর্থমন্ত্রীর কাছে ৮ দফা দাবি জানান বস্ত্র খাতের তিন সংগঠনের (বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ) নেতারা। এর আলোকেই এ সপ্তাহে সিদ্ধান্ত আসতে পারে।  

No comments:

Post a Comment