মবিল যমুনা লুব্রিক্যান্টস বাংলাদেশ লিমিটেড (এমজেবিএল) পুঁজিবাজারে বুকবিল্ডিং পদ্ধতিতে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে। চার কোটি শেয়ার ছেড়ে প্রায় ৫০৮ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে কোম্পানিটি। অন্য দিকে এক্সিম ব্যাংক ও অগ্নি সিস্টেম লিমিটেডের রাইট শেয়ারের প্রস্তাব অনুমোদন দিয়েছে এসইসি। এই দুই প্রতিষ্ঠানের দু’টি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার পাওয়া যাবে। এসইসি’র সভায় গত রোববার এই বিষয়গুলো অনুমোদন দেয়া হয়।
মবিল যমুনা লুব্রিক্যান্টের প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের নির্দেশক মূল্য নির্ধারণ করা হয়েছে ১২৭ টাকা। সে হিসাবে কোম্পানিটি পুঁজিবাজার থেকে কমপক্ষে ৫০৮ কোটি টাকা সংগ্রহ করবে। এই টাকা দিয়ে গুলশানে এক বিঘা জমি ক্রয়, ফ্লাট নির্মাণ, খুলনার লিক্যুইফাইড পেট্রোলিয়াম গ্যাস ম্যানুফাকচার লিমিটেডের জন্য ট্যাংকার ক্রয় করবে প্রতিষ্ঠানটি। প্রাইম ফাইন্যান্স এই কোম্পানির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করবে। শেয়ারের চূড়ান্ত মূল্য নির্ধারণের জন্য দর প্রস্তাব প্রক্রিয়ায় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য ৮০ লাখ, আইপিওতে দুই কোটি ৪০ লাখ, প্রবাসী বিনিয়োগকারীদের জন্য ৪০ লাখ এবং মিউচ্যুয়াল ফান্ডসহ যৌথ বিনিয়োগ স্কিমের জন্য ৪০ লাখ শেয়ার বরাদ্দ দেয়া হবে।
১০ টাকা অভিহিত মূল্যের এক্সিম ব্যাংকের শেয়ারে কোনো প্রিমিয়াম থাকছে না। তবে অগ্নি সিস্টেমের ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি রাইট শেয়ারে ১০ টাকা প্রিমিয়ামসহ দর হবে ২০ টাকা। ব্যাংকগুলো থেকে ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকের পৃথকীকরণের সময়সীমা আবারও বাড়িয়েছে এসইসি। গত রোববার কমিশন সভার সিদ্ধান্ত অনুযায়ী পৃথকীকরণের সময়সীমা ১ অক্টোবরের পরিবর্তে ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সময়ের মধ্যে ব্যাংকগুলো তাদের ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংক পৃথক করতে ব্যর্থ হলে এসইসি ব্যবস্থা নেবে।
এমএম মাসুদ
No comments:
Post a Comment