নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে শেয়ারের দর অস্বাভাবিক বৃদ্ধি পাওয়া কোম্পানিকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এর সঙ্গে জড়িতদেরকেও কঠোর শাস্তি দেয়া হবে বলেও জানান তিনি। সোমবার আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে স্টেকহোল্ডারদের সঙ্গে অর্থমন্ত্রীর মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
অর্থমন্ত্রী বলেন, কারখানা বন্ধ কিন্তু শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে সেসব কোম্পানিকে নজরদারি করা হবে। এই বিষয়টি তদন্ত করে তাদেরকে শাস্তি দেয়া হবে। শেয়ারের দর অস্বাভাবিক বৃদ্ধি পাওয়া কোনো কোম্পানিকেই ছাড় দেয়া হবে না। এর সাথে জড়িত সকলেই শাস্তি দেয়া হবে।
তিনি বলেন, একটি ইন্টারনাল অডিট ডিভিশন করা হবে। যথাযথভাবে শেয়ার দর নির্ধারণ করা হচ্ছে কি-না, বিষয়টি ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলসহ (এফআরসি) ওই ডিভিশন দেখবে। আলোচনায় দীর্ঘদিন ধরে কারখানা বন্ধ থাকা কোম্পানির কথা উঠে এসেছে। কিন্তু ওইসব কোম্পানির শেয়ার বেচা-কেনা হচ্ছে। যেগুলোর কারখানা বন্ধ, সেসব কোম্পানির শেয়ার কিভাবে বেচা-কেনা হয়? এ বিষয়টি কমিটি দেখবে। কারখানা বন্ধ থাকা কোম্পানিগুলোর বিষয়টি এফআরসি চেয়ারম্যান কালকে থেকেই দেখবেন। একইসঙ্গে যতগুলো তালিকাভুক্ত কোম্পানি আছে, সেগুলো তিনি টিমের মাধ্যমে দেখবেন।
সভায় উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ও বিএসইসির প্রাক্তন চেয়ারম্যান ড. এ বি মির্জা আজিজুল ইসলাম, প্রবীণ শিক্ষাবিদ ও পুঁজিবাজার বিশ্লেষক অধ্যাপক আবু আহমেদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবীর, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশারফ হোসেন ভুঁইয়া, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ও কমিশনারবৃন্দ, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান শফিকুর রহমান পাটোয়ারী, ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান সি কিউ কে মুস্তাক আহমদ, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান মজিব উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেন এবং সাধারণ বীমা কর্পোরেশনের চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
সভায় অংশ নেন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান ও পরিচালকবৃন্দ, ডিএসই ব্রোকারর্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) সভাপতি, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়শনের সভাপতি ও সাধারণ সম্পাদক, অ্যাসোসিয়েশন অব মিউচুয়াল ফান্ডস এর সভাপতি ও সাধারণ সম্পাদক।
No comments:
Post a Comment