অর্থনৈতিক রিপোর্টার: অবশেষে টি+২ স্যাটলমেন্ট সিস্টেম চালুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ঢাকা স্টক এক্সেচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। আগামী ১৬ই এপ্রিল শুরু হবে এ পদ্ধতি। রোববার ডিএসই চিঠি দিয়ে তার সব ট্রেকহোল্ডারকে বিষয়টি জানিয়ে দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
নানা কারণে ডিএসইতে টি+২ স্যাটলমেন্ট চালুতে বিলম্ব হয়েছে। এ মাসের গোড়ার দিকে লেনদেন নিষ্পত্তি সংক্রান্ত বিধিমালা স্যাটলমেন্ট অফ ঢাকা স্টক এক্সচেঞ্জ ট্রানজেকশন রেগুলেশন-১৯৯৮ সংশোধন করে। কিন্তু এতে বাধা সাধেন বিদেশি বিনিয়োগকারীদের হয়ে লেনদেন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী কাস্টোডিয়ান ব্যাংকগুলোর আপত্তিতে। তারা নতুন পদ্ধতি চালুর জন্য কিছুটা সময় দেয়া ও বিদ্যমান কিছু সমস্যা সমাধানের অনুরোধ জানায়।
এর পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার কাস্টোডিয়ান ব্যাংকগুলোর সঙ্গে বৈঠক করে ডিএসই। ওই বৈঠকে কাস্টোডিয়ান ব্যাংকগুলো টি+২ চালুর বিষয়ে সম্মতি দেয়। সে দিনই ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার বালা জানান, তারা ১৬ এপ্রিল নতুন পদ্ধতি চালুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছেন। রোববার এরই আনুষ্ঠানিক ঘোষণা এল।
নতুন নিয়ম অনুসারে এ, বি ও এন ক্যাটাগরির শেয়ারের লেনদেন নিষ্পন্ন হবে টি+২ তথা লেনদেনের তৃতীয় দিনে। একজন বিনিয়োগকারী শেয়ার কেনার পর তৃতীয় কার্যদিবসে তার বিও হিসাবে ওই শেয়ার জমা হবে। একইভাবে কোন বিনিয়োগকারী শেয়ার বিক্রি করলে তৃতীয় কার্যদিবসে তার মূল্য পাবেন। আগে শেয়ার ও মূল্য পাওয়া যেত চতুর্থ দিনে। তবে জেড ক্যাটাগরির শেয়ার আগের মতই টি+ নাইন হিসাবে লেনদেন হবে।

No comments:
Post a Comment