তিন কোম্পানির ৯৬৯ কোটি টাকার আইপিও এবং একটি রাইট শেয়ার অনুমোদন
দেশের পুঁজিবাজারের ইতিহাসে সবচেয়ে বড় মবিল যমুনা লুব্রিক্যান্ট বাংলাদেশ লিমিটেডের (এমজেএলবিএল) আইপিও অনুমোদন দিয়েছে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। গ্রামীণফোনের পর এমজেএলবিএল কোম্পানি পুঁজিবাজারে সবচেয়ে বড় আইপিও নিয়ে বাজারে আসছে। এ কোম্পানিটি বাজারে ৬০৯ কোটি টাকার শেয়ার ছাড়বে। এছাড়া এসইসি বৃহস্পতিবার আরও দু’টি কোম্পানির আইপিও অনুমোদন দিয়েছে। কোম্পানি দু’টি হচ্ছেÑ এমআই সিমেন্ট ও স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। একই সঙ্গে ইস্টার্ন ইন্স্যুরেন্সের রাইট শেয়ারের অনুমোদন দিয়েছে এসইসি। বৃহস্পতিবার এসইসির নিয়মিত সভায় তিনটি আইপিও এবং রাইট শেয়ারের অনুমোদন দেয়া হয়।
কমিশনের বৈঠক শেষে এসইসির নির্বাহী পরিচালক এটিএম তারিকুজ্জামান জানান, এমজেএলবিএল’র ৬০৯ কোটি টাকার আইপিও’র (প্রাথমিক গণ প্রস্তাব) অনুমোদন দেয়া হয়েছে, যা কিনা পুঁজিবাজারের ইতিহাসে সবচেয়ে বড় আইপিও। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের ৪ কোটি শেয়ার পুঁজিবাজারে ছাড়বে। ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের নির্দেশক মূল্য ধরা হয়েছে ১৫২.৪০ টাকা। এ হিসেবে কোম্পানিটি পুঁজিবাজার থেকে ৬০৯ কোটি টাকা সংগ্রহ করবে। এমজেএলবিএল’র পরিশোধিত মূলধন হচ্ছে ১৪০ কোটি টাকা।
এছাড়া এসইসির অনুমোদন পাওয়া এমআই সিমেন্ট পুঁজিবাজারে শেয়ার ছাড়ার মাধ্যমে ৩৩৪ কোটি টাকা সংগ্রহ করবে। মোট ৩ কোটি শেয়ার ছাড়ার মাধ্যম কোম্পানিটি বাজার থেকে এ টাকা সংগ্রহ করবে। ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের নির্দেশক মূল্য হচ্ছে ১১১.৬০ টাকা। এ কোম্পানির পরিশোধিত মূলধন হচ্ছে ৭০ কোটি টাকা। আইপিও পরবর্তি এ কোম্পানির পরিশোধিত মূলধন দাঁড়াবে ১০০ কোটি টাকায়।
অন্যদিকে বৃহস্পতিবার এসইসির অনুমোদন পাওয়া আরেক কোম্পানি স্যালভো ক্যামকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ২৬ কোটি টাকা সংগ্রহ করবে। এ কোম্পানির শেয়ারের অভিহিত মূল্য হচ্ছে ১০ টাকা। আইপিও পরবর্তি এ কোম্পানির পরিশোধিত মূলধন দাঁড়াবে ৪০ কোটি টাকায়। এছাড়া বৃহস্পতিবার কমিশনের সভায় ইস্টার্ন ইন্স্যুরেন্সের রাইট শেয়ারের অনুমোদন দেয়া হয়েছে। প্রতি একটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার পাওয়া যাবে। এ কোম্পানির প্রতিটি রাইট শেয়ারের দর রাখা হবে ৩০০ টাকা (২০০ টাকা প্রিমিয়ামসহ)।
No comments:
Post a Comment