Monday, September 16, 2019

‘পুঁজিবাজারে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য সব ব্যবস্থা নেওয়া হবে: অর্থমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল বলেছেন, পুঁজিবাজারে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা প্রতিষ্ঠায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, দেশের অর্থনীতি যে গতিতে আগাচ্ছে, পুঁজিবাজার সেই গতিতে আগাবে না, এটা হতে পারে না। দেশের অর্থনীতি যতটা গতিশীল, পুঁজিবাজারকেও ততটা গতিশীল দেখতে চান। মুস্তফা কামাল বলেন, প্রধানমন্ত্রী এবং তিনি পুঁজিবাজারের প্রতি যথেষ্ট মনোযোগী। ১৬ সেপ্টেম্বর, সোমবার পুঁজিবাজারের স্টেকহোল্ডারদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

অর্থমন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব আসলামুল ইসলাম। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এফসিএ এমপি, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ড. এ বি মির্জা আজিজুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবীর, বিএসইসির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনসহ বিভিন্ন স্টেকহোল্ডার এই বৈঠকে অংশ নেন।

ব্রিফিংয়ে অর্থমন্ত্রী বলেন, আমরা সবার সহযোগিতা এবং সহায়তায় আমাদের অর্থনীতিকে এগিয়ে নিতে চাই। অর্থনীতির মৌলিক এলাকা হচ্ছে শেয়ারবাজার। সুতরাং এই মৌলিকএলাকাকে আমরা কখনো অবহেলা করতে পারি না। আমাদের সরকার অনেক চেষ্টা করেছে। প্রধানমন্ত্রী এ ব্যাপারে অনেকবার বক্তব্য রেখেছেন। তিনি জানেন এই বাজারের সাথে আমাদের মধ্যম ও নিম্ন আয়ের মানুষেরা জড়িত আছেন। সুতারাং সবার জন্য এই বাজার। এই কারনে পুঁজিবাজার সবসময় আমাদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করে। পুঁজিবাজারকে নিয়ে আমরা সব সময় সতর্ক অবস্থানে থাকি। যাতে  শেয়ারবাজারে যারা ব্যবসা করতে আসে তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়।

অর্থমন্ত্রী আরও বলেন, আজকের সভায় সভার সঙ্গে আলোচনা করে করণীয় সম্পর্কে কিছু জেনেছেন। আরও কিছু কাজ বাকি আছে। এরপর বাজার উন্নয়নের পরিকল্পনা করা হবে।

আহম মুস্তফা কামাল বলেন, ভালো কোম্পানিগুলোকে বাজারে আনার উদ্যোগ নেওয়া হবে। আইপিওতে (প্রাথমিক গণপ্রস্তাব) যাতে শেয়ারের সঠিক মূল্য নির্ধারণ হয় সে বিষয়েও নেওয়া হবে ব্যাবস্থা। কারণ আইপিওতে শেয়ার অতিমূল্যায়িত (Over Priced) হলে পরে সে দাম টেকে না। তাতে বাজারে দর পতন হয়। সাধারণ বনিয়িোগকারীরা ক্ষতির মুখে পড়েন। কিন্তু তিনি তা চান না। তিনি এমন একটি আস্থার পরিবেশ তৈরি করতে চান, যেখানে বর্তমানে যেসব বিনিয়োগকারী আছেন তাদরে মতো আস্থা নিয়ে অন্যরাও বাজারে আসবেন এবং তারা ভাল থাকবেন। এসব করার জন্য যে বাধা ও চ্যালেঞ্জগুলো আছে তা দূর করা হবে।

তিনি বলেন, পুঁজিবাজারে যেসব কোম্পানি আছে এবং আগামীতে যেসব কোম্পানি আসবে সেগুলো ঠিকমত চলছে কি-না তা মনিটরিং করার জন্য তিনি একটি কমিটি গঠন করে দেবেন।

No comments:

Post a Comment